মাত্র ৩১ দিনের ব্যবধানে মা-বাবাকে হারানো দোহার উপজেলার পাঁচ কন্যাশিশুর পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দল। পরিবারটির দুর্দশা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাদের সহায়তায় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজধানীর দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।
প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের খোঁজখবর নেন এবং মা-বাবা হারানো পাঁচ মেয়ের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করছে। গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি দ্রুত তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তারা পরিবারের কাছে এসেছেন। ভবিষ্যতেও এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপের মধ্যে ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এর এক মাসের মধ্যে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।


মন্তব্য করুন