ঢাকায় শনিবার (৩ অক্টোবর) শুরু হচ্ছে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যও দেবেন।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটির আয়োজন করছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। শুক্রবার (২ অক্টোবর) সম্মেলন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।
সিজিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে শতাধিক দেশ থেকে প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব এতে অংশ নেবেন। ইতোমধ্যে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে বিশ্বব্যাপী ভূরাজনৈতিক বিভাজন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার রূপান্তর, জলবায়ু চাপ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনআস্থার সংকট নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নতুন নতুন প্রভাবকেন্দ্রের উত্থান এবং বিভিন্ন দেশের পরিবর্তিত অংশীদারত্ব ও সিদ্ধান্ত গ্রহণের কৌশল নিয়েও মতবিনিময় হবে।
সম্মেলনের আলোচনায় ভূরাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু ও মানবনিরাপত্তা, গণতন্ত্র ও শাসনব্যবস্থা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিশেষভাবে উঠে আসবে।
আয়োজকদের মতে, বে অব বেঙ্গল কনভারসেশনের লক্ষ্য হলো ঢাকাকে এমন একটি আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করা, যেখানে বিভিন্ন দেশ ও ভিন্ন মতের প্রতিনিধিরা সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তন নিয়ে খোলামেলা মতবিনিময় করতে পারবেন।

মন্তব্য করুন