ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর আচরণের মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তার দাবি, মদ্যপ অবস্থায় ওই পরিচালক তাকে একান্তে রোমান্টিক দৃশ্যের মহড়া দিতে চাপ দিয়েছিলেন। পরে রাতে তার ঘরের দরজায় কড়া নেড়ে আলিঙ্গনের জন্যও জোরাজুরি করেন তিনি।

সম্প্রতি এমএক্স প্লেয়ার ও প্রাইম ভিডিওর রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর এক পর্বে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এই অভিজ্ঞতার কথা জানান স্বরা।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর ওই ঘটনা ঘটে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বরার দাবি, শুটিংয়ের সময় ওই পরিচালক তাকে বলেছিলেন, পরিচালকদের তাদের অভিনেতা-অভিনেত্রীদের ভালোবাসা উচিত। এরপর তার চেহারার প্রশংসা করে কবিতা লিখে বার্তাও পাঠাতে শুরু করেন তিনি।

প্রথমদিকে বিষয়টি স্বাভাবিকভাবেই সামলানোর চেষ্টা করেছিলেন স্বরা। তবে পরে একটি রোমান্টিক দৃশ্যের মহড়া নিয়ে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। তার দাবি, নায়কের সঙ্গে যে দৃশ্যটির শুটিং হওয়ার কথা ছিল, সেটির মহড়া তিনি একান্তে স্বরার সঙ্গে করতে চেয়েছিলেন। এতে রাজি না হয়ে অভিনেত্রী জানিয়ে দেন, নায়ক ও চিত্রগ্রাহককে সঙ্গে রেখেই মহড়া দেবেন।

স্বরার দাবি, পরে গেস্টহাউসে ওই পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান তিনি। পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে সেখান থেকে দ্রুত সরে যান অভিনেত্রী।

এরপর রাতেও ওই পরিচালক তার ঘরের দরজায় বারবার কড়া নাড়তে থাকেন বলে অভিযোগ স্বরার। একপর্যায়ে তার মনে হয়েছিল, পরিচালক হয়তো দরজা ভেঙে ফেলবেন। দরজা খোলার পর মদ্যপ অবস্থায় ওই পরিচালক আলিঙ্গনের জন্য জোরাজুরি করেন বলেও দাবি করেন তিনি। স্বরা জানান, তিনি স্পষ্টভাবে এতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

স্বরার ভাষ্য, তিনি ওই পরিচালকের মুখের ওপরই বলেছিলেন যে তার আচরণে তিনি ভয় পেয়েছেন। তবে পরিচালকের বিরুদ্ধে তখন আর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলেও জানান অভিনেত্রী।

২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন স্বরা ভাস্কর। ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে ‘রাঞ্ঝনা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’, ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।