প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে শিশুদের সেই প্রতিভা বিকাশে সহায়তা করতে হবে।

মঙ্গলবার শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

প্রধানমন্ত্রী বলেন, শুধু লেখাপড়ায় ভালো হলেই হবে না; শিশুদের নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে হবে। কেউ গান, ছবি আঁকা, কবিতা আবৃত্তি বা বাদ্যযন্ত্রে ভালো হতে পারে, আবার কেউ খেলাধুলায় প্রতিভাবান। প্রত্যেককে সেই অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।

তিনি জানান, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২২ লাখ শিশু—১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে—দেশব্যাপী ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে তাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে আশা করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, স্কুল পর্যায় থেকেই আর্ট, কালচার, স্পোর্টস ও মিউজিকের সুযোগ তৈরির কার্যক্রম চলছে, যা ২০২৭ বা ২০২৮ সাল থেকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

শিশুদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রকৃতি, পরিবেশ ও পশুপাখির প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান।