সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি এ তথ্য জানিয়েছেন।
এদিকে ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলা হুথিদের নিয়ন্ত্রণ থেকে পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। সরকারি বাহিনীর দাবি, মারিব অঞ্চলে হুথিদের একটি ‘ঘোস্ট ড্রোন’ও ভূপাতিত করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করা প্রয়োজন।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বাব এল-মান্দেবের দিকে অগ্রসরমান সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করা হয়েছে। সরকারি বাহিনীকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছেন তিনি। তাঁর দাবি, এসব হামলায় কয়েকজন হতাহত এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন