রেলের সক্ষমতা বাড়াতে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভসহ ১৩টি উন্নয়ন প্রকল্পে মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি টাকা।

রেলের মিটারগেজ সেকশনে পণ্য ও আন্তঃনগর যাত্রী পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৩০টি ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনা হবে। প্রতিটি ইঞ্জিনের সম্ভাব্য ব্যয় ৬৯ কোটি টাকা। সব মিলিয়ে এ খাতে ব্যয় হবে ২ হাজার ৭০ কোটি টাকা।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচ অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন এবং গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ।

এ ছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির প্রকল্প, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।

বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ, ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার, দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ এবং রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

১৩ প্রকল্পের এই অনুমোদনের মাধ্যমে রেল, সড়ক, নগর অবকাঠামো, নৌপরিবহন ও জ্বালানি খাতে নতুন বিনিয়োগের পথ তৈরি হলো।