মঙ্গলবার লিবিয়ার পার্লামেন্ট স্পিকার—যিনি পূর্বাঞ্চলের শক্তিশালী নেতা খলিফা হাফতারের সমর্থক—১২ বছর দায়িত্ব পালনের পর অপসারিত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।

পার্লামেন্টের মুখপাত্র ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ঘোষণা করেছেন যে, এমপিরা আগিলা সালেহ-র স্থলাভিষিক্ত হিসেবে আল-সালহিন আবদেলনবি আল-ওবেইদিকে নির্বাচিত করেছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া সহিংসতা ও অস্থিতিশীলতার মধ্যে রয়েছে।

দেশটি বর্তমানে বিভক্ত হয়ে আছে—একদিকে ত্রিপোলি-ভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দবেইবা, এবং অন্যদিকে পূর্বাঞ্চলে সামরিক কমান্ডার হাফতার-সমর্থিত একটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন।

হাফতারের পক্ষ মূলত পার্লামেন্টের ওপরই নির্ভর করে; এই পার্লামেন্টটি তাদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে কার্যক্রম পরিচালনা করে।

৮২ বছর বয়সী সালেহ দীর্ঘদিন ধরেই হাফতার শিবিরের কট্টর মিত্র হিসেবে পরিচিত ছিলেন। তবে হাফতারের ছেলেরা—বিশেষ করে সাদ্দাম হাফতার—যখন নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শুরু করেন, তখন সালেহর প্রভাব কিছুটা ম্লান হতে দেখা যায়।

লন্ডন-ভিত্তিক থিংক-ট্যাঙ্ক ‘চ্যাথাম হাউস’-এর বিশ্লেষক এমাদউদ্দিন বাদি বলেন, “পূর্ব লিবিয়ায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করা এবং রাজনৈতিক ক্ষেত্রে জোরপূর্বক নিজের অবস্থান তৈরি করার যে প্রচেষ্টা সাদ্দাম হাফতার চালাচ্ছেন, আগিলা সালেহ সম্ভবত তারই সর্বশেষ শিকার।”

রাজনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা এবং লিবিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানকে একীভূত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের একটি উদ্যোগ নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই সালেহকে অপসারণের এই ঘটনাটি ঘটল।