নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে-ফিক্সেশন’ কার্যক্রমের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এর ফলে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের।

গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী আইবাস প্লাস প্লাস (iBAS++) ব্যবস্থায় সম্পন্ন করার কথা। তবে প্রতিরক্ষা ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

আইবাস প্লাস প্লাসের পাইলটিং কার্যক্রমের তথ্য অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী জুন ২০২৬-এর বেতন-ভাতা উত্তোলন এবং জুলাই থেকে সেপ্টেম্বরের বেতন-ভাতার তথ্য সাবমিট না করা পর্যন্ত নতুন বেতনস্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা যাবে না।

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা নির্ধারণে আগের ও নতুন মূল বেতনের পার্থক্য, গ্রেড এবং কার্যকর হওয়ার সময় বিবেচনা করা হবে।

নতুন পে-স্কেলে প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেডেও তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বর্ধিত বেতন ধাপে ধাপে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পুরোনো ও নতুন মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।

দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ নতুন মূল বেতনের শতভাগ কার্যকর হবে।

এদিকে, ১৯ অক্টোবর অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মূল বেতনের শতাংশের ভিত্তিতে দেওয়া প্রচলিত ভাতাগুলো ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও প্রদান করতে হবে।

নতুন বেতন কাঠামোর বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের বেতন ও বকেয়ার হিসাব নির্ধারিত হলেও ব্যক্তিভেদে পাওনার পরিমাণ ভিন্ন হবে।