ককপিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৩ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিজি-৩৭৭ ফ্লাইটটি। বাংলাদেশ সময় তখন রাত ৭টা ৪৩ মিনিট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ ফ্লাইটটির যাত্রা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজে ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ শুরু করেন। পরে একটি কারিগরি দল সফলভাবে ত্রুটি সারিয়ে ফ্লাইটটি উড্ডয়নের উপযোগী করে।

ফ্লাইটের এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তিগত সংকেত দেখা দেয়। এরপর পাইলট উড্ডয়ন স্থগিত করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়েছিল।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।