রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ের আয়োজন বন্ধ থাকলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে চিঠি দিয়ে ওই মাঠে সব ধরনের মেলা স্থগিতের বিষয়টি জানিয়েছে। সেই চিঠির ভিত্তিতেই মেলাগুলো স্থগিত করা হয়েছে। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাতীয় যুবমেলা আয়োজনের স্থান নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপত্তির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আপাতত জাতীয় পর্যায়ে যুবমেলা হচ্ছে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে মেলার আয়োজন চলবে।

মেলা স্থগিতের বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় পর্যায়ে যুবমেলা স্থগিত হলেও বায়োগ্যাস প্ল্যান্ট থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।