শ্রমিকদের মজুরি-সংক্রান্ত দাবি পূরণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ড গঠনের বিষয়ে আলোচনা হয়।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। রোববার সকাল থেকে এ বিষয়ে কার্যক্রম শুরু হবে। আলোচনার ভিত্তিতে শ্রমিকদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি শিল্পকারখানার সুরক্ষাও নিশ্চিত করতে হবে। শ্রমিক ও শিল্প, উভয়ের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বোর্ড গঠনের বিষয়টি অনুমোদন পাবে।

মন্তব্য করুন