নিরাপত্তা পরিষদে মেয়াদ নবায়নের বিষয়ে সমঝোতা না হওয়ায় পশ্চিম সাহারায় ৩৫ বছর ধরে চলা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অবসান ঘটছে। রোববার (১ নভেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মরক্কো। তবে পশ্চিম সাহারার স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসা পলিসারিও ফ্রন্ট এবং তাদের সমর্থক আলজেরিয়া এ ঘটনায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে।

১৯৭৬ সালে সাবেক ঔপনিবেশিক শক্তি স্পেন অঞ্চলটি ছেড়ে যাওয়ার পর থেকে পশ্চিম সাহারার স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে পলিসারিও ফ্রন্ট। অন্যদিকে, অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে মরক্কো। ১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও গণভোট আয়োজনের লক্ষ্যে মিনুরসো (MINURSO) নামে শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠা করা হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানান, গত ১ নভেম্বর থেকে মিশনের অবসায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যায়ে মিশনের বিভিন্ন সরঞ্জাম ও সম্পদ সেনা সরবরাহকারী দেশগুলোতে ফিরিয়ে নেওয়া হবে।

এদিকে, মিশনের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মতবিরোধ দেখা দেয়। যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাবে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারাকে স্বায়ত্তশাসন দেওয়ার পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়। তবে রাশিয়া পরবর্তী একটি মার্কিন-সমর্থিত প্রস্তাবে ভেটো দেয়। পরে রাশিয়ার পাল্টা প্রস্তাবও নিরাপত্তা পরিষদে পাস হয়নি। ফলে নতুন ম্যান্ডেট ছাড়াই মিশনের কার্যক্রম শেষ হচ্ছে।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছেন। অন্যদিকে, আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মিশনের মেয়াদ নবায়ন না হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র মরক্কোর প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে।

ভোটারদের যোগ্যতা নিয়ে মরক্কো ও পলিসারিও ফ্রন্টের মতবিরোধের কারণে পশ্চিম সাহারার ভবিষ্যৎ নির্ধারণে প্রস্তাবিত গণভোট কখনো অনুষ্ঠিত হয়নি।