মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলকে বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের ক্ষেত্র না বানানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে এ অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরব দেশগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সাঈদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শি জিনপিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে শি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চল কোনোভাবেই বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের ময়দান হওয়া উচিত নয়। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট নিরসনে চীন নিজেদের অভিজ্ঞতা ও সমাধান নিয়ে কাজ করতে প্রস্তুত। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্যসহ আরব দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়িয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় বেইজিং।

বৈঠক শেষে প্রকাশিত ২০ দফার যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে একমত হয় চীন ও ওমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানকে সামরিক সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সংঘাত নিরসনে গত জুনে স্বাক্ষরিত চুক্তিতে ফিরে গিয়ে নতুন করে সংলাপ শুরুর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনের ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন।