ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে রাজ্যটির ওঙ্গোলের কাছে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। পরে ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে ওঙ্গোলের কাছে স্থলভাগ অতিক্রম করে এটি।
এ সময় বাতাসের স্থায়ী গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। তবে দমকা হাওয়ায় তা ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মঙ্গলবার দুপুরের মধ্যে দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে রাতের মধ্যে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি সমুদ্রের স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করলেও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও ঝোড়ো বাতাসের ঝুঁকি থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন