ভারতের উত্তর প্রদেশে ১ কোটি ৮৯ লাখের বেশি পরিবারকে বছরে দুইবার বিনা মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলো দীপাবলি ও হোলি উৎসব উপলক্ষে একটি করে বিনা মূল্যের গ্যাস সিলিন্ডার পাবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের উপকারভোগীদের মধ্যে এলপিজি সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে তার এই ঘোষণা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এ কর্মসূচি বাস্তবায়নে রাজ্য সরকার ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে। অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ জানান, বর্তমানে একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। ফলে গ্রাহকদের নিজেদের পকেট থেকে দিতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি।

মুখ্যমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারগুলোর উৎসবের আনন্দ বাড়াতে দীপাবলি ও হোলিতে বিনা মূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাশ্রয় হওয়া অর্থ দিয়ে পরিবারগুলো মিষ্টি ও প্রদীপসহ উৎসবের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবে।

এ সময় আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করে যোগী দাবি করেন, আগে গ্যাস সংযোগ পেতেও মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হতো। বর্তমানে দরিদ্র পরিবারগুলোকে গ্যাস সুবিধার আওতায় আনা হচ্ছে।

এদিকে আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দীপোৎসব। এ আয়োজনকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ভারতের দরিদ্র পরিবারগুলোকে এলপিজি সংযোগ দেওয়ার পাশাপাশি রান্নার জ্বালানির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।