চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা ও সহিংসতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তাহেরুল হক চৌহান বলেন, চলমান ঘটনাকে সাধারণ শ্রমিক আন্দোলন বলা যায় না। একটি ফ্যাসিস্ট শক্তি শ্রমিকদের সঙ্গে মিশে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। পরিকল্পিতভাবে পুলিশকে লক্ষ্যবস্তু করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

আন্দোলন চলাকালে বিএনপির নেতাকর্মীদের লাঠি হাতে পুলিশের সঙ্গে থেকে শ্রমিকদের প্রতিহত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যেত। বর্তমানে বিএনপির নেতাকর্মীদের পুলিশের সঙ্গে থেকে আন্দোলন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। রাষ্ট্রের জানমাল রক্ষা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য কেউ সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তা সমর্থন করে না। জননিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ কাজ করছে।

এদিকে কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।