ঐতিহাসিক ৭ নভেম্বরকে বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তাঁর মতে, বাংলাদেশের ইতিহাসে দিনটি ছিল পথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সময়।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। ভবিষ্যতে যেন কেউ জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল স্বাধীন বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বনির্ভর ও নিরাপদ কল্যাণরাষ্ট্র গঠন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র মোকাবিলা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এ সময় তিনি স্লোগান দেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করে তিনি বলেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা।