হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা উদযাপন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ ও হিন্দু পরিবারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, আলোকসজ্জা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপগুলো সাজানো হচ্ছে বর্ণিল সাজে।

হিন্দু পুরাণ অনুযায়ী, দেবী কালী দুর্গারই একটি শক্তিরূপ। ভক্তদের কাছে তিনি শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী ও মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজা মূলত শক্তির আরাধনা। অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও কল্যাণ প্রতিষ্ঠাই এ পূজার মূল তাৎপর্য।

পঞ্জিকামতে, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। এটি শেষ হবে আগামী সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৫৮ মিনিটে। সাধারণত মধ্যরাতে মন্ত্রোচ্চারণ ও বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কালীপূজা সম্পন্ন হয়।

শ্যামাপূজার সঙ্গে দীপাবলি উৎসবের রয়েছে গভীর সম্পর্ক। এদিন সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত মা-বাবা, স্বজন ও পূর্বপুরুষদের স্মরণ করেন অনেকে। অন্ধকার দূর করে আলোর মাধ্যমে শুভ ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই দীপাবলির মূল প্রতিপাদ্য। বাঙালি হিন্দুদের কাছে এটি দীপাবলি নামে পরিচিত হলেও অনেকের কাছে উৎসবটি দিওয়ালি নামে পরিচিত।

রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী কালীমন্দির, রায়েরবাজার মন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজার ও পোস্তগোলা মহাশ্মশানেও বিশেষ আয়োজন রয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রদীপের আলো ও বর্ণিল সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠবে দেশের বিভিন্ন এলাকা।