বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ডাচেস সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। তার এবারের সফরে নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, শিক্ষা এবং ক্ষমতায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
সফরসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সফরকালে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) যাবেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন ডাচেস। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টি এ আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন।
বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা, শিক্ষা, সহায়তা এবং নেতৃত্ব বিকাশে পরিচালিত কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি বাস্তুচ্যুত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে চলমান উদ্যোগগুলোও সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
ডাচেস সোফির এই সফর বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের পাশাপাশি নারী ও শিশুদের অধিকার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন