পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি একটি গভীর রাজনৈতিক সংকট। তাই এর সমাধানে জাতীয় ঐকমত্য গঠন, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি।
তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার ‘হোল অব গভর্নমেন্ট’ পদ্ধতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নিয়ে জাতীয় কৌশল প্রণয়নের কাজ চলছে।
শামা ওবায়েদ বলেন, রাখাইনের বর্তমান রাজনৈতিক ও ভূখণ্ডগত বাস্তবতায় শুধু মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা যথেষ্ট নয়। এ কারণে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা পাওয়ার চেষ্টা চলছে।
রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে মাদক ও মানবপাচার, শিবিরে সশস্ত্র গোষ্ঠীর সংঘাত এবং জেলেদের আটকের ঘটনাও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে।
প্রতিমন্ত্রীর তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। পর্যাপ্ত অর্থায়নের অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি এবং রাখাইনে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সঙ্গে বিশ্বমঞ্চে রোহিঙ্গা সংকটের গুরুত্ব ধরে রাখতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।

মন্তব্য করুন