ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে, জাতীয় পরিচয়পত্রের তথ্য নিবন্ধনের বয়সসীমা ৬ বছর থেকে শুরু করার বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের দেওয়া তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডেটাবেইজ তৈরির পরিকল্পনা রয়েছে।
আখতার আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষায় প্রবেশের সময় শিশুদের যেসব তথ্য দেওয়া হয়, সেগুলো কাজে লাগিয়ে এনআইডির তথ্যভান্ডার তৈরির বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
অন্যদিকে, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসি সচিব। তিনি জানান, কমিশনের কাছে থাকা ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে প্রাথমিকভাবে যন্ত্রগুলোর মজুত ও অবস্থা যাচাইয়ের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ইভিএম নিষ্পত্তির পদ্ধতি নিয়ে সংশ্লিষ্টদের সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ইউপি নির্বাচন আয়োজন এবং এনআইডি তথ্যভান্ডার সম্প্রসারণের এই উদ্যোগকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন