গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল জমা পড়েছে। এ ছাড়া তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে চতুর্থ অধিবেশনের আগে সরকার তিনটি অধ্যাদেশ জারি করেছে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধিবেশনের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।
এবারের অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
অন্যদিকে, অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা তার এ প্রস্তাবে স্বতঃস্ফূর্ত সমর্থন জানান। ফলে এবারের অধিবেশনে সংসদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সংসদ চত্বরকে ধূমপানমুক্ত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য করুন