ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভূগর্ভে আরব টেকটোনিক প্লেটে দুটি বিশাল ফাটলের সন্ধান পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। চীনা একাডেমি অব সায়েন্সেসের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার মহাদেশীয় সংঘর্ষ এবং সমুদ্রের বিলুপ্তির প্রক্রিয়া বুঝতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার জিওসায়েন্স’-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, শিলার ঘনত্ব ও গঠনের পার্থক্যের কারণে টেকটোনিক প্লেটের ভেতরে এ ফাটল তৈরি হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, আরব প্লেটের একটি অংশ প্রাচীন নিও-টেথিস মহাসাগরের সমুদ্রীয় ভূত্বক দিয়ে গঠিত। সাবডাকশন প্রক্রিয়ায় এই ভারী ও তুলনামূলক পাতলা শিলাস্তর অন্য প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। অন্যদিকে, মহাদেশীয় অংশের শিলা তুলনামূলক পুরু ও হালকা হওয়ায় নিচে নামতে বাধা তৈরি করছে। বরং এর চাপে ভূত্বক ওপরে উঠে পর্বত সৃষ্টি করছে। এই বিপরীতমুখী ভূতাত্ত্বিক প্রক্রিয়াই প্লেটে ফাটল তৈরির অন্যতম কারণ।

ফাটল শনাক্ত করতে গবেষকেরা ৬৯টি সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করেন। ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত ভূমিকম্পের কম্পনসংক্রান্ত তথ্য থেকে এ চিত্র পাওয়া যায়।

গবেষণায় একটি আনুভূমিক ফাটল শনাক্ত হয়েছে, যা জাগ্রোস পর্বতমালা ও মাকরান সাবডাকশন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত। অন্য ফাটলটি তুলনামূলক ছোট ও উল্লম্ব, যা মাকরান ট্রেঞ্চের কাছাকাছি অপেক্ষাকৃত অগভীর অবস্থানে রয়েছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, মাকরান অঞ্চলে সমুদ্রীয় লিথোস্ফিয়ার অন্তত ৪৫০ কিলোমিটার গভীরে নেমে গেছে। বিপরীতে পশ্চিম জাগ্রোস অঞ্চলে মহাদেশীয় লিথোস্ফিয়ার প্রায় ৩০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত পৌঁছেছে। এই পার্থক্যের কারণে ভূগর্ভে নামতে থাকা শিলাস্তরে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে।

বিজ্ঞানীদের ধারণা, কয়েক মিলিয়ন বছর ধরে এই ফাটলগুলো বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে এত দীর্ঘ সময় লাগবে যে বর্তমান মানবসভ্যতার পক্ষে এর প্রত্যক্ষ সাক্ষী হওয়া সম্ভব নয়।

গবেষকদের মতে, সমুদ্রীয় পাতের নিমজ্জন থেকে মহাদেশীয় সংঘর্ষে রূপান্তরের প্রাথমিক পর্যায় বোঝার ক্ষেত্রে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে কাজ করবে।