মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। হামলাকারীকে গ্রেফতারে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরে প্রায় আধাঘণ্টা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধারাও অংশ নেন।

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়। এতে তাঁর হাতে আঘাত লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইজিবাইকে থাকা হাসিবের পথ আটকে এক ব্যক্তি তাঁকে গালিগালাজ করছেন। পরে হাসিবকে সেখান থেকে দৌড়ে চলে যেতে দেখা যায়।

রিসোর্টে ফিরে গেলে কর্মচারীরা তাঁর হাতে আঘাত দেখতে পান এবং ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের ব্যবস্থা করেন।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। তাঁর অভিযোগ, হাসিব স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে গিয়ে ফেরার পথে ধারালো অস্ত্র নিয়ে হামলার শিকার হন।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানিয়েছেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।