সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। এ জন্য সরকারকে নয় দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা জানিয়েছে সংগঠনটির ঢাকা মহানগর শাখা।সংগঠনটির সহ-সভাপতি জালাল আহমেদ বলেন, দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল করছে। এসব যানবাহন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষের সাশ্রয়ী পরিবহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দীর্ঘদিন ধরে এসব যানবাহন উচ্ছেদ, জব্দ ও চালকদের হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি বলেন, গত ২৯ অক্টোবর সরকার ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ জারি করেছে। বিধিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানালেও এতে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে।

সংগঠনটির নয় দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—বিদ্যমান ই-রিকশার কাঠামো পরিবর্তনে কমপক্ষে দুই বছর সময় দেওয়া, নিবন্ধন ফি কমানো, চালকদের লাইসেন্স প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বিধিমালায় যুক্ত করা।

এ ছাড়া ই-রিকশার সংখ্যা নির্ধারণে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া, মহাসড়কের পাশে সাইডলেন তৈরি, গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন এবং পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালার প্রয়োগ স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, বিমা বাধ্যতামূলক ও ব্যয়বহুল করা যাবে না এবং স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দিতে হবে।

বিধিমালার প্রয়োজনীয় সংশোধনে সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি।