ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানির বিষয়টি উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর সমর্থকেরা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে তাঁর কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জাতিসংঘ। এর মধ্যে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক হাজার মানুষ আহত হন।
জাতিসংঘের এই বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একদিকে অপরাধের বিচার ও জবাবদিহিতা, অন্যদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বাধীনতা—দুটি বিষয়ই গুরুত্ব পেয়েছে।

মন্তব্য করুন