রোহিঙ্গা সংকট নিরসন, মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সম্মানজনক প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদল।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং ‘অরফানস ইন নিড’-এর তহবিল সংগ্রহ বিভাগের প্রধান আলতাফ হুসাইন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব। এ সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।