ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। কখনো ধর্ম, কখনো হরতাল কিংবা অন্য কর্মসূচির নাম ব্যবহার করা হচ্ছে। এসব পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই চেতনা ধরে রেখেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তবে শুধু বক্তব্য বা সংসদীয় আলোচনায় সীমাবদ্ধ না থেকে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে, যাতে দেশের মানুষকে আবারও ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে পড়তে না হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য এবং বিতর্ক থাকবে। তবে তা সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই পরিচালিত হওয়া উচিত।
দুই নেতার বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য বজায় রাখা এবং দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মন্তব্য করুন