পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মৌচাক, সফিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে যান। পরে কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলগামী যাত্রী, পরিবহনচালকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোর্শেদ জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বেরিয়ে এসে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।
গত কয়েক দিন ধরেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলছে। নতুন করে মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের ঘটনায় ওই অঞ্চলের যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন