বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নির্বাচন ও পাঠানোর সার্বিক কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। এসব ডিমান্ড লেটারের বিপরীতে কর্মী পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
রাশেদুল হক বলেন, ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। সরকার চায়, ডিসেম্বরের আগেই ডিএইচএলের মাধ্যমে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। তবে কোনো কারণে এক-দুই দিন বিলম্ব হলে সেটি আলাদা বিষয়।
সরকারি ব্যবস্থাপনায় বিনা ব্যয়ে কর্মী পাঠানোর এই উদ্যোগকে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে নানা জটিলতা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বাংলাদেশি চাকরিপ্রত্যাশীরা। নতুন করে ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়ার খবরে তাঁদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
তবে ঠিক কতজন কর্মী প্রথম ধাপে মালয়েশিয়ায় যাবেন, তাঁদের নিয়োগের শর্ত কী হবে এবং কবে থেকে চূড়ান্তভাবে যাত্রা শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
এখন সব আনুষ্ঠানিকতা শেষ করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

মন্তব্য করুন