বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটির দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডব্লিউডি-১ প্যাকেজের আওতায় দ্বিতীয় দফায় এ ব্যয় বাড়ানো হয়েছে। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ম্যাক্স-র্যাঙ্কেন (জেভি)।
এর আগে প্রথম দফায় ব্যয় বাড়িয়ে প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা। এবার আরও ১৪৪ কোটি ৬২ লাখ টাকা যুক্ত হওয়ায় মোট ব্যয় দাঁড়িয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি।
এদিকে একই বৈঠকে রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় দুটি ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে সাততলা হাসপাতাল ভবন নির্মাণে ব্যয় হবে ২৩০ কোটি ৮৬ লাখ টাকা। ভবনটিতে জরুরি বিভাগ, বহির্বিভাগ, পরীক্ষাগার, রোগ নির্ণয় ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা বিভাগ থাকবে। কাজটি পেয়েছে নূরানী কনস্ট্রাকশন লিমিটেড।
অন্যদিকে সাততলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০৮ কোটি ৫৭ লাখ টাকা। এ কাজ বাস্তবায়ন করবে ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম লিমিটেড।
সব মিলিয়ে রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ৩৩৯ কোটি ৪৪ লাখ টাকা।

মন্তব্য করুন