সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগুন দুর্ঘটনাজনিত নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।