ভালোবাসা, অনুশোচনা আর পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, নতুন আবেগঘন গল্পে এগিয়ে চলছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। সাম্প্রতিক পর্বে আবু বকরের ক্যানসারমুক্ত হওয়ার খবরে স্বস্তি ফিরেছে জারিয়াবের মনে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। শাশুড়ি খুশবখতের অসুস্থতার খবরে আবারও বিষাদ নেমে এসেছে তার জীবনে।
জারিয়াব চরিত্রে দুরেফিশান সেলিমের অভিনয়ে ফুটে উঠেছে আবেগের নানা পরিবর্তন। আবু বকরের সুস্থতার খবরে তার প্রতিক্রিয়া বুঝিয়ে দেয়, সম্পর্কের জটিলতা থাকলেও মানুষটির প্রতি গভীর মায়া তৈরি হয়েছে তার। নিজের অজান্তেই গড়ে ওঠা এই অনুভূতি গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
এ পর্বের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল জারিয়াবের ক্ষমা চাওয়া এবং আবু বকরের তাকে আশ্বস্ত করা। দুজনের কথোপকথনে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও বোঝাপড়ার বিষয়টি উঠে এসেছে।
অন্যদিকে খুশবখতের অতীতের কিছু ঘটনা প্রকাশ পাওয়ায় গল্পে যুক্ত হয়েছে নতুন রহস্য। দীর্ঘদিনের জমে থাকা কষ্ট ও মানসিক যন্ত্রণা স্বগতোক্তির মাধ্যমে প্রকাশ করেছেন চরিত্রটি। খুশবখতের ভূমিকায় সানিয়া সাঈদের সংযত অভিনয় দর্শকের আবেগকে আরও গভীরভাবে স্পর্শ করেছে।
২০২৬ সালের ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচার শুরু হয় ‘দার-ই-নিজাত’-এর। এতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার, জারিয়াব হাবিব চরিত্রে দুরেফিশান সেলিম এবং জামিল হোসেন চরিত্রে নামির নাওয়াজ খান।
প্রচলিত প্রেম ও পারিবারিক গল্পের বাইরে গিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস এবং মানবিক সম্পর্কের জটিলতা তুলে ধরেছে ধারাবাহিকটি। নতুন পর্বের ঘটনাপ্রবাহে দর্শকদের অপেক্ষা এখন, জারিয়াব ও আবু বকরের সম্পর্ক কোন দিকে এগোয়, আর খুশবখতের অতীতের অজানা অধ্যায় কী নতুন রহস্য উন্মোচন করে।

মন্তব্য করুন