যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। তবে ফাঁস হওয়া তথ্যগুলো জাতীয় নিরাপত্তার জন্য শ্রেণিবদ্ধ বা গোপনীয় তথ্যের আওতাভুক্ত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। হামলাকারীরা কীভাবে সংশ্লিষ্ট নেটওয়ার্কে প্রবেশ করেছে, কী ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে এবং এর প্রভাব কতটা বিস্তৃত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো আন-ক্লাসিফায়েড বা অশ্রেণিবদ্ধ সিস্টেমে সংরক্ষিত ছিল। অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য কিংবা গুরুত্বপূর্ণ অপারেশনাল তথ্য থাকা ক্লাসিফায়েড নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

সিআইএ ও ওডিএনআই দুটি ধরনের ডিজিটাল নেটওয়ার্ক পরিচালনা করে। ক্লাসিফায়েড নেটওয়ার্কে জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য সংরক্ষিত থাকে। অন্যদিকে আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক প্রশাসনিক কার্যক্রম, সরকারি সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ এবং ঠিকাদারদের সঙ্গে সমন্বয়ের কাজে ব্যবহৃত হয়। এসব নেটওয়ার্ক বিভিন্ন বাইরের সফটওয়্যার ও ইন্টারনেট সংযুক্ত প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকায় সাইবার ঝুঁকিও তৈরি হয়।

তদন্তে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তবে হামলার পেছনে কোনো নির্দিষ্ট দেশ বা হ্যাকার গোষ্ঠীকে এখনো দায়ী করেনি মার্কিন কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশ এবং কৃষি মন্ত্রণালয়ের একটি সিস্টেমে হামলার ঘটনাও রয়েছে। এসব ঘটনার কারণে দেশটির সরকারি নেটওয়ার্কগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।