ছবি: -সংগৃহীত
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক জশ ইংলিস টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান। ম্যাচটি বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়।
সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৬ রানের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। একই সঙ্গে এটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ২১ বছর পর পাওয়া একটি স্মরণীয় জয়।
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফিরে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় আসেন মোসাদ্দেক।
তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন গতিতারকা নাহিদ রানা। নিজের গতি ও আগ্রাসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলে দেন তিনি। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচের অন্যতম সেরা পারফরমার ছিলেন এই পেসার। দ্বিতীয় ম্যাচেও তার কাছ থেকে একই ধরনের বিধ্বংসী বোলিংয়ের প্রত্যাশা করছে বাংলাদেশের সমর্থকরা।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জিতলেই নিশ্চিত করবে ঐতিহাসিক সিরিজ জয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে সিরিজ বাঁচিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ।