ছবি: -সংগৃহীত
স্পেনে জন্ম, স্পেনের ফুটবলে বেড়ে ওঠা। তবু বিশ্বকাপের স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত মরক্কোর জার্সিকেই বেছে নিয়েছেন ব্রাহিম দিয়াজ। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষায় রয়েছেন এই তারকা মিডফিল্ডার।
মালাগায় জন্ম নেওয়া দিয়াজ ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেও স্পেনের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নিজেকে দেখতে পাননি। চলতি মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পর স্পেন থেকে ডাক এলেও শৈশবের লালিত স্বপ্নের পথে হাঁটতে মরক্কোকেই বেছে নেন তিনি।
এরই মধ্যে আফ্রিকা কাপ অব নেশনসে মরক্কোর সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দিয়াজ। এখন তার লক্ষ্য বিশ্বকাপের মঞ্চে নিজের গল্পের নতুন অধ্যায় লেখা।
ক্লাব ফুটবলেও দারুণ ছন্দে আছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। ২৬ ম্যাচে ১৪ গোল করে রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি। তার উপস্থিতিতে ইউরোপের বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে দুর্দান্ত সময় পার করেছে স্প্যানিশ ক্লাবটি।
সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছেন দিয়াজ। দেশের হয়ে বড় আসরে স্মরণীয় সূচনা এনে দিয়ে শৈশবের স্বপ্ন পূরণ করাই এখন তার একমাত্র লক্ষ্য।