রাজধানীর মিরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পৌঁছালে তাকে অভিবাদন জানান আয়োজকরা।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে গুণগত পরিবর্তন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নিয়েছেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়গুলো সম্মিলনে গুরুত্ব পাবে।

উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে এই সম্মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।