দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার মান প্রত্যাশিতভাবে বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের সময়ে অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই মূল কারিগর। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তবে এই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের।

এ সময় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সম্মিলনে সভাপতিত্ব করেন।