ছবি: -সংগৃহীত
কানাডা সরকারের ভিসা প্রত্যাখ্যানের কারণে ঘানার তারকা মিডফিল্ডার টমাস পার্টেই আগামী ১৭ জুন পানামার বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। বিশ্বকাপ শুরুর মধ্যেই এই ঘটনায় নতুন করে ভিসা জটিলতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে ঘানা দলের বেসক্যাম্পে থাকা পার্টেই কানাডায় প্রবেশের অনুমতি পাননি। ফলে পানামার বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।
ফিফা জানিয়েছে, কোনো দেশের ভিসা বা অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা নেই। এসব বিষয়ে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ।
৩২ বছর বয়সী পার্টেই বর্তমানে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলছেন। এর আগে দীর্ঘ সময় ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের মিডফিল্ড সামলেছেন তিনি। যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এই ঘানার ফুটবলার।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রথম ম্যাচে খেলতে না পারলেও পার্টেই দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। গ্রুপের বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ায় সেগুলোতে তার খেলতে কোনো বাধা নেই। কারণ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি তার রয়েছে।
বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের ভিসা জটিলতা নিয়ে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে।