রাজধানীর আদাবরে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশের দুই কর্মকর্তা। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হলে তাকে আটক করা হয়। পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, এলাকায় সক্রিয় ‘কব্জি কাটা’ ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে চক্রের সদস্যরা চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে আমির নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীতে ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।