সরকার ছয় জেলায় দায়িত্ব পালনরত সশস্ত্র বাহিনীর কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কর্মকর্তারা ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতায় থাকবেন।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় তারা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্দিষ্ট অপরাধ দমনে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।