https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে পর্তুগাল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় প্রতিপক্ষ নয়, বরং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা কি গুরুত্বপূর্ণ ম্যাচটিতে শুরু থেকেই খেলবেন, নাকি তাকে বেঞ্চে বসিয়ে রাখবেন কোচ রবার্তো মার্তিনেজ—সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।
প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর চাপের মুখে রয়েছে পর্তুগাল। সেই ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। পুরো ম্যাচে বলের সংস্পর্শেও খুব বেশি আসতে পারেননি তিনি। ফলে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছেন, বর্তমান পর্তুগাল দলে রোনালদো এখনও কি প্রথম একাদশে খেলার মতো প্রভাব রাখতে পারছেন?
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে কোচ মার্তিনেজ কৌশলী উত্তর দেন। তিনি বলেন, দলের খেলোয়াড়দের এখনও একাদশ জানানো হয়নি, তাই গণমাধ্যমকেও কিছু জানাতে চান না। তবে রোনালদোর প্রতি আস্থা যে এখনও অটুট, সেটাও স্পষ্ট করে দেন তিনি।
মার্তিনেজের মতে, শুধু গোল করাই নয়, আক্রমণভাগে জায়গা তৈরি করা, প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখা এবং দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোনালদোর ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। তাই তাকে ঘিরে সমালোচনা থাকলেও কোচের বিশ্বাস, অভিজ্ঞ এই ফরোয়ার্ড এখনও দলের জন্য বড় সম্পদ।
অন্যদিকে, উজবেকিস্তান ম্যাচটি পর্তুগালের জন্য প্রায় ‘বাঁচা-মরার’ লড়াই। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই। উজবেকিস্তানও নিজেদের প্রথম বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে।
ম্যাচ শুরুর আগ পর্যন্ত সবচেয়ে বড় রহস্য হয়তো একটাই—রোনালদো কি শুরু থেকেই মাঠে নামবেন? তবে তিনি খেলুন বা না খেলুন, আলোচনার কেন্দ্রবিন্দুতে যে পর্তুগিজ মহাতারকাই থাকবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
বিশ্বকাপের ষষ্ঠ আসরে অংশ নেওয়া রোনালদো এখনও নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই শুধু পর্তুগালের জন্য নয়, তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যও হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।