চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডব্লিউইএফ প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকটে সবচেয়ে ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ ডেল্টা ও উপকূলীয় দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ডব্লিউইএফ-এর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা চালু করেছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডব্লিউইএফ প্রধান নির্বাহী আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগকে আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা ও বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা বৈশ্বিক জলবায়ু অভিযোজন কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বাংলাদেশের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ডব্লিউইএফ-এর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।