রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাঁকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় শুক্রবার বিকেল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

গত ২১ জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচি শেষে ২২ জুন কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানে পৌঁছান তিনি।

চীন সফরে দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শেষ হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় মালয়েশিয়া ও চীন সফর।