https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান—এই তিন দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। পাশাপাশি এসব দেশের নাগরিকদের নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নিষেধাজ্ঞা শুধু সরাসরি নয়, অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) সৌদিতে প্রবেশের ক্ষেত্রেও কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন ভ্রমণকারীদের ওপরও একই নিয়ম প্রযোজ্য হবে।
সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে স্বাস্থ্য নজরদারি এবং মহামারি মোকাবিলার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
প্রাদুর্ভাবপ্রবণ দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা যাত্রীদের জন্যও বিমানবন্দর ও সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।