জাতীয় সংসদ ভবনে অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রোববার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রতিনিধি অংশ নেন।
মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এমন ঘনিষ্ঠ পরিবেশে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা এ আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তারা সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন, উত্তর প্লাজায় স্মৃতি ধারণ করেন এবং পরে সংসদ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।


মন্তব্য করুন