দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি, চারার টিকে থাকা এবং পরিচর্যা নিশ্চিত করতে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ চালু করতে যাচ্ছে সরকার। জাতীয় সবুজ মিশনের আওতায় তৈরি হওয়া এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ করে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচিতে রোপণ করা গাছের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও সংরক্ষণ করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং বাংলাদেশ জলবায়ু বাজেট প্রতিবেদন অনুযায়ী, বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এই অ্যাপ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে রোপণ করা চারার বর্তমান অবস্থা, বৃদ্ধি এবং পরিচর্যার তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় তাদের বাড়ি ও বসতভিটায় এক কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন অ্যাপটি এ কর্মসূচির আওতায় রোপণ করা বিপুলসংখ্যক গাছের অবস্থান ও টিকে থাকার বিষয়টি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাপটিকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) প্রযুক্তির সঙ্গে সমন্বয় করা হবে। এর ফলে বন অধিদপ্তরের আওতায় বনায়নকৃত এলাকার ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার তৈরি করা সম্ভব হবে। বিশেষ করে গ্রাম, শহর এবং দুর্গম এলাকায় ছড়িয়ে থাকা বৃক্ষরোপণ কার্যক্রমের কার্যকর তদারকিতে এটি সহায়ক হবে।

জাতীয় সবুজ মিশনের আওতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে অবক্ষয়িত বন পুনরুদ্ধার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং কার্বন শোষণ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সরকার উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন বাণিজ্যের আওতায় আনার পরিকল্পনাও নিয়েছে। পাশাপাশি উপকূলীয় চরাঞ্চলে ম্যানগ্রোভ বন সম্প্রসারণ, পাহাড়ি ও মধ্যাঞ্চলের শালবন পুনরুদ্ধার, বিলুপ্তপ্রায় বনজ প্রজাতি সংরক্ষণ এবং সড়ক, মহাসড়ক, নদীতীর, বাঁধ ও খালপাড়ে অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

এছাড়া নগর বনায়ন ও কৃষিবনায়ন সম্প্রসারণের পাশাপাশি গাছ ও সুগন্ধি গাছের নির্যাস আমদানির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাবও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘ট্রি মনিটরিং অ্যাপ’ জাতীয় সবুজ মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো হিসেবে বৃহৎ পরিসরের বনায়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও পরিবেশগতভাবে টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।