বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও পর্যটনকে আরও উৎসাহিত করতে দেশের ভিসা ব্যবস্থা সহজ ও আধুনিক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ভিসা নীতি-২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, নীতিমালাটি আরও কার্যকর ও যুগোপযোগী করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি খসড়া নীতিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জনের কাজ করবে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৬ সালের বিদ্যমান ভিসা নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা, দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরকে ত্বরান্বিত করা।

এ ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা আরও কার্যকর করাও নতুন নীতিমালার অন্যতম লক্ষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া নীতিমালার চূড়ান্ত পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত মন্ত্রিসভা কমিটিকে সচিবালয় সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।