https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। হামলায় রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত ১৩০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কিয়েভে রুশ বাহিনীর চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে ব্যাপক ও ভয়াবহ।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তিকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ফলে নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।
হামলার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তাইমুর তিকাচেঙ্কো জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী কিয়েভের একটি আবাসিক এলাকার বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকার আরও আট বাসিন্দা নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ধ্বংসস্তূপ অপসারণ শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, বৃহস্পতিবার ভোরে কিয়েভ ও আশপাশের এলাকাকে লক্ষ্য করে রুশ বাহিনী ৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি সামরিক ড্রোন (ইউএভি) নিক্ষেপ করে।
তার ভাষ্য, হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় উড়ে আসায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি।