https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরান সফর করেছে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (৩ জুলাই) সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল তেহরানে পৌঁছে শেষ শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সৌদি আরবের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত দেশটি আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিদল পাঠায়।
খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য উপলক্ষে ইরানে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ আয়োজনে প্রথম দিন বিদেশি রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয়। শনিবার থেকে সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার কফিন উন্মুক্ত স্থানে রাখা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান।
পরবর্তী সময়ে ইরান পাল্টা হামলায় সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।
এ পরিস্থিতির মধ্যেও খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি প্রতিনিধিদলের তেহরান সফরকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, ইরানের নতুন নেতৃত্বের প্রশ্নে অবস্থান স্পষ্ট না করতেই তারা আপাতত সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে।